বিআরটিএর অনুমোদন ছাড়া সড়কে স্লিপার বাস চলবে না : হাইকোর্ট

‘আদালত বলেছেন, শুধুমাত্র বিআরটিএ যেসব বাস চলাচলের অনুমতি দিয়েছে, সেগুলোই রাস্তায় চলবে। স্লিপার বাস চালানোর কোনো অনুমতি নেই। হাইকোর্টও স্লিপার বাস চলাচলের অনুমতি দেয়নি।’

নয়া দিগন্ত অনলাইন
বিআরটিএর অনুমোদন ছাড়া সড়কে স্লিপার বাস চলবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট
বিআরটিএর অনুমোদন ছাড়া সড়কে স্লিপার বাস চলবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট |সংগৃহীত

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অনুমোদন ছাড়া মহাসড়কে স্লিপার বাস চলাচল করতে পারবে না বলে জানিয়েছেন হাইকোর্ট। বিআরটিএ যেসব বাস চলাচলের অনুমতি দিয়েছে, কেবল সেগুলোই সড়কে চলতে পারবে বলে জানিয়েছেন আদালত।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি কে এম হাফিজুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি চেয়ে বাস মালিক সমিতির করা আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানিতে বিআরটিএর পক্ষে আইনজীবী মো: রাফিউল ইসলাম সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট বিধান আদালতের সামনে তুলে ধরেন।

তিনি বলেন, আইনের ৪০ ধারায় যানবাহনের কারিগরি বৈশিষ্ট্য নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত বৈশিষ্ট্য লঙ্ঘন করলে তা ৮৪ ধারায় অপরাধ হিসেবে গণ্য হবে। এ অপরাধের সর্বোচ্চ শাস্তি তিন বছরের কারাদণ্ড ও তিন লাখ টাকা জরিমানা।

আইনের ২৮ ধারার উল্লেখ করে তিনি বলেন, রুট পারমিট ছাড়া কোনো যানবাহন সড়কে চলাচল করতে পারবে না।

পরে সাংবাদিকদের আইনজীবী মো: রাফিউল ইসলাম বলেন, ‘আদালত বলেছেন, শুধুমাত্র বিআরটিএ যেসব বাস চলাচলের অনুমতি দিয়েছে, সেগুলোই রাস্তায় চলবে। স্লিপার বাস চালানোর কোনো অনুমতি নেই। হাইকোর্টও স্লিপার বাস চলাচলের অনুমতি দেয়নি।’

এর ফলে বিআরটিএর অনুমোদন ও রুট পারমিট ছাড়া মহাসড়কে স্লিপার বাস চলাচলের সুযোগ থাকছে না। এ ধরনের বাসকে সড়ক পরিবহন আইন ও নির্ধারিত কারিগরি বৈশিষ্ট্য মেনেই চলাচল করতে হবে।

মহাসড়কে স্লিপার বাস চলাচলের বৈধতা চ্যালেঞ্জ করে চলতি বছরের ২৩ জানুয়ারি রিটটি করেন আইনজীবী মুহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান। রিটে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে অননুমোদিত স্লিপার বাস চলাচলের ওপর স্থগিতাদেশ চাওয়া হয়।

সূত্র : ইউএনবি