এনসিপি’র অব্যাহতিপ্রাপ্ত নেতা সালাউদ্দিন তানভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো: জাকির হোসেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষাপটে এ আদেশ দেন।

নয়া দিগন্ত অনলাইন
গাজী সালাউদ্দীন তানভীর
গাজী সালাউদ্দীন তানভীর |সংগৃহীত

দুর্নীতির অভিযোগ অনুসন্ধানাধীন থাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বহিষ্কৃত যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। একইসাথে তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লকের অনুমতি দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো: জাকির হোসেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষাপটে এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম এ তথ্য জানান।

আবেদনে বলা হয়, অভিযুক্ত গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্যসহ নানাবিধ দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে নামে বেনামে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়। বিধায়, অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা ও জাতীয় পরিচয়পত্র ব্লক করা প্রয়োজন।

এর আগে, গত ২১ এপ্রিল দুর্নীতির অভিযোগ আসায় এনসিপি’র যুগ্ম সদস্যসচিব পদ থেকে গাজী সালাউদ্দিন তানভীরকে সাময়িক অব্যাহতি দেয়া হয়। বাসস