সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
আইনজীবী ইউনুছ আলী আকন্দ গত বৃহস্পতিবার সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে রিটটি করেন। একই সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিতের আবেদন জানান তিনি। সোমবার রিটের ওপর আদেশের জন্য মঙ্গলবার দিন ধার্য করেন আদালত।
রিটের শুনানিতে রাষ্ট্রপক্ষের সাথে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মামুন চৌধুরী এবং আখতার হোসেন মো. আব্দুল ওয়াহাব উপস্থিত ছিলেন।
সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো রাজনৈতিক দলের মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্য দল থেকে পদত্যাগ করলে অথবা সংসদে ওই দলের বিপক্ষে ভোট দিলে তার আসন শূন্য হবে। তবে এ কারণে পরবর্তী নির্বাচনে তার সংসদ সদস্য হওয়ার অযোগ্যতা তৈরি হবে না।
রিটকারী আইনজীবীর যুক্তি, এ বিধানের কারণে সংসদ সদস্যরা নিজেদের বিবেচনা অনুযায়ী ভোট দেয়ার স্বাধীনতা হারান। এতে তাদের গণতান্ত্রিক অধিকার ও সংসদীয় স্বাধীনতা বাধাগ্রস্ত হচ্ছে।



