নাসা গ্রুপের চেয়ারম্যান ও এক্সিম ব্যাংক পিএলসি’র সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, তার স্ত্রী নাসরিন ইসলাম এবং সংশ্লিষ্টদের নামে জার্সিতে থাকা পাঁচ দশমিক ৩০ মিলিয়ন পাউন্ড বা ৫৩ লাখ পাউন্ড জব্দ এবং ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো: শাহজাহান কবির এ আদেশ দেন। দুদকের যৌথ তদন্ত দলের (জেআইটি) টিম লিডার ও উপ-পরিচালক মো: রাউফুল ইসলাম এ আবেদন করেন।
দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো: তানজির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
দুদকের আবেদনে বলা হয়, নজরুল ইসলাম মজুমদার ও তার স্ত্রী নাসরিন ইসলাম জার্সিভিত্তিক প্রতিষ্ঠান ওয়ান ইনভেস্টমেন্টস লিমিটেডের চূড়ান্ত সুবিধাভোগী মালিক। প্রতিষ্ঠানটির ইউবিএস জার্সির হিসাবে ৬ আগস্ট পর্যন্ত পাঁচ দশমিক ৩০ মিলিয়ন পাউন্ড (৫৩ লাখ পাউন্ড) রয়েছে। এসব অর্থ বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া বিদেশে নেয়া এবং আয়কর রিটার্নে বিদেশী সম্পদের তথ্য গোপন করার অভিযোগ রয়েছে।
আবেদনে বলা হয়, অবৈধভাবে অর্জিত অর্থ বিদেশে স্থানান্তর ও জার্সিতে সম্পদ কেনার মাধ্যমে অর্থ পাচার করা হয়েছে। অর্থ ফেরত আনার স্বার্থে ওয়ান ইনভেস্টমেন্টস লিমিটেডের ব্যাংক হিসাব ও জার্সিতে থাকা স্থাবর-অস্থাবর সম্পদ ফ্রিজ বা জব্দ করা প্রয়োজন। বাসস



