পেছালো যুবদল নেতা মোস্তফার মানিলন্ডারিং মামলার রায়

নিজস্ব প্রতিবেদক
গোলাম মোস্তফা আদরের বিরুদ্ধে মানিলন্ডারিং মামলার রায় ঘোষণার তারিখ ২৪ ও ২৫ আগস্ট নির্ধারণ করা হয়েছে।
গোলাম মোস্তফা আদরের বিরুদ্ধে মানিলন্ডারিং মামলার রায় ঘোষণার তারিখ ২৪ ও ২৫ আগস্ট নির্ধারণ করা হয়েছে। |প্রতীকী ছবি

যুবদল নেতা গোলাম মোস্তফা আদরের বিরুদ্ধে মানিলন্ডারিং মামলার রায় ঘোষণার তারিখ। আগামী ২৪ ও ২৫ আগস্ট নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক রায় ঘোষণা না করে নতুন তারিখ নির্ধারণ করেন।

জানা গেছে, গোলাম মোস্তফা আদরের বিরুদ্ধে মানিলন্ডারিংসহ একাধিক মামলা দায়ের হয়েছিল গত সরকারের সময়ে। ২০২০ সালে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হস্তক্ষেপে ষড়যন্ত্রমূলকভাবে যুবদল নেতা মোস্তফাকে অস্ত্র, হত্যা, বিস্ফোরক, দুর্নীতি দমন কমিশন (দুদক) ও মানিলন্ডারিং- এই পাঁচটি মামলায় গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর তৎকালীন ডিবির ডিসি মশিউর রহমানের অধীনে তাকে রিমান্ডে নিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগও ওঠে। আট মাস কারাভোগের পর জামিনে মুক্তি পান মোস্তফা। তবে তার বিরুদ্ধে দায়েরকৃত সব মামলাতেই চার্জশিট দাখিল করে তদন্ত সংস্থা।

গত ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর হত্যা, অস্ত্র ও বিস্ফোরক মামলায় খালাস পান আদর। দুদক ও মানিলন্ডারিং মামলা এখন রায়ের অপেক্ষায় রয়েছে। মামলার রায়ের সময় রাষ্ট্রপক্ষ সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ২৪ ও ২৫ আগস্ট দিন ধার্য করা হয়েছে।

শুনানিতে গোলাম মোস্তফা আদরের পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার মেহেদী হাসান।

আদালতে মোস্তফা কাঠগড়ায় দাঁড়িয়ে বলেন, যে ১৫ বছর ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের শিকার হয়ে নিঃস্ব হয়ে গেছি। জীবনের অনেক কিছু ধ্বংস হয়ে গিয়েছে।

তিনি আরো বলেন, ইতোমধ্যে তিন মামলায় খালাস পেয়েছি। এই মামলা থেকে অব্যহতি দানের প্রার্থনা করছি।