ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো: আবদুস সালাম ব্যাপারী ও তার স্ত্রী মাহবুবুন্নেছার দেশত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।
এছাড়া তাদের স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা ২১টি প্রতিষ্ঠানের তথ্য সরবরাহের জন্যও আদেশ দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো: সাব্বির ফয়েজ মামলা তদন্ত সংস্থা সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারি মো: রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আবেদনে বলা হয়েছে, মো: আবদুস সালাম ব্যাপারী ও তার স্ত্রী মাহবুবুন্নেছার এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিরা অবৈধভাবে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করে বাংলাদেশ ব্যাংকের অনুমতি ব্যতীত দেশী-বিদেশী মুদ্রা পাচার করে কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশে বিপুল পরিমাণ সম্পত্তি অর্জন করেছে বলে জানা যায়।
উক্ত অর্থপাচারের ঘটনাটি সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযুক্তদের বিদেশ গমনাগমন রোধসহ আবেদনে আবদুস সালাম ব্যাপারী ও মাহবুবুন্নেছার এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা তথ্য সরবরাহের জন্য ২১টি প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে আদালতের আদেশ দান আবশ্যক।
সূত্র : বাসস



