রাষ্ট্রনিযুক্ত আইনজীবী

শেখ হাসিনা খালাস পেলে খুশি হতাম

রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন বলেছেন, বিচার স্বচ্ছ হয়েছে এবং শেখ হাসিনা খালাস পেলে তিনি সবচেয়ে খুশি হতেন।

নয়া দিগন্ত অনলাইন
শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো: আমির হোসেন
শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো: আমির হোসেন |সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা মামলার রায় ঘোষণা হবে আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে রাজসাক্ষী হওয়া সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে। এ মামলায় পলাতক রয়েছেন শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো: আমির হোসেন বলেছেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার ভালোভাবে হয়েছে, স্বচ্ছ হয়েছে। ট্রাইব্যুনালের রায়ে শেখ হাসিনা খালাস পেলে আমি সবচেয়ে খুশি হতাম।’

সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্টাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমি আমার মক্কেলের খালাস চাই। এই চাওয়াটা তো স্বাভাবিক। এটা প্রত্যেকেই চাইবে।’

শেখ হাসিনার সাথে কোনোরকম যোগাযোগ করার চেষ্টা করেছেন কি না- প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি চেষ্টা করিনি। চেষ্টা করার কোনো বিধানও নেই। উনারাও আমার সাথে কোনো যোগাযোগের চেষ্টা এবং কোনো রকমের কোনো সহায়তাও করেনি। প্রচ্ছন্নভাবেও যদি কোনো সহায়তা করতো সেটা আমার জন্য আরো ভালো হতো।’

তিনি আশা প্রকাশ করেন, ‘আমি তো সবসময় আশা করি আমার মক্কেল (শেখ হাসিনা) খালাস পাবে। এটা আমার আশা, এটা আমার প্রত্যাশা। এটাই স্বাভাবিক কথা, আমার তো প্রত্যাশা থাকতেই হবে। এটা হৃদয় থেকেই বলছি। আমি একজনের জন্য এত এত মাস ধরে মামলা করেছি, তা সে যদি খালাস পায় তা আমার চাইতে বেশি খুশি আর কে হবে।’

ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া ভালোভাবে হয়েছে, স্বচ্ছ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।