মির্জা আব্বাসকে মানহানির অভিযোগে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন

মির্জা আব্বাসকে নিয়ে মানহানিকর বক্তব্য ও ভয়ভীতির অভিযোগে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা দায়েরের আবেদন করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটওয়ারী
মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটওয়ারী |সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে অপরাধমূলক ভয়ভীতি দেখানো ও মানহানির অভিযোগে তুলে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে।

রোববার (৮ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো: হাসান শাহাদাতের আদালতে রমনা থানা বিএনপির সভাপতি মো: আশরাফুল ইসলাম এই আবেদন করেন।

বাদী পক্ষের আইনজীবী মো: আমিরুল ইসলাম আমির এ তথ্য নিশ্চিত করে বলেন, ইতোমধ্যে আমরা আদালতে মামলাটির আবেদন জমা দিয়েছি।

অভিযোগে উল্লেখ করা হয়, নাসীরুদ্দীন পাটওয়ারী গত ত্রয়োদশ সংসদ নির্বাচনে শাপলা কলি নিয়ে মির্জা আব্বাসের সাথে বিপুল ভোটে হেরে যান। নির্বাচনের সময় এই আসামি বিভিন্ন মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিয়ে আসছেন। নাসীরুদ্দীন পাটওয়ারী নির্বাচনে বিপুল ভোটে হেরে যাওয়ার পর আরো বেশি করে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এবং বিভিন্ন অনলাইন পত্রিকার মাধ্যমে মিথ্যা মানহানিকর বক্তব্য ও বিভিন্ন হুমকি দিয়ে আসছেন। এসব বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে ভাইরাল করে দিয়ে মির্জা আব্বাসের সম্মান ক্ষুণ্ণ হচ্ছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটওয়ারী পরস্পরের প্রতিদ্বন্দ্বী ছিলেন। নির্বাচনে ৫ হাজারের বেশি ভোটে জয় পান মির্জা আব্বাস। তবে ফল ঘোষণার পর ভোট গণনায় ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছিলেন পাটওয়ারী।