শাপলা চত্বর হত্যাকাণ্ড : ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা, হাসিনাসহ আসামি ৪১

২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনকে আসামি করে ট্রাইব্যুনালের প্রসিকিউশনে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
শাপলা চত্বর হত্যাকাণ্ডে আসামি হাসিনাসহ ৪১
শাপলা চত্বর হত্যাকাণ্ডে আসামি হাসিনাসহ ৪১ |প্রতীকী ছবি

মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনকে আসামি করে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দেয়া হয়েছে।

রোববার (১৯ জুলাই) সকালে এ তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়।

এ মামলায় অন্য আসামিরা হলেন সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও এ কে এম শহিদুল হক এবং অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান।

এছাড়া মামলার আসামিদের মধ্যে রয়েছেন একাত্তর টিভির সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবু, সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা ও সাংবাদিক শাহরিয়ার কবীর। সেই সাথে আসামি করা হয়েছে তৎকালীন পুলিশ ও র‌্যাব প্রধানসহ ডিএমপি কমিশনারকেও।

সূত্রে জানা গেছে, তদন্ত সংস্থা এরই মধ্যে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দিয়েছে। বর্তমানে সেটি পর্যালোচনার কাজ চলছে। আগামী ২১ জুলাই নির্ধারিত সময়েই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে ১৩ দফা দাবিতে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করে হেফাজতে ইসলাম বাংলাদেশ। দিনভর উত্তেজনা ও সংঘর্ষের পর গভীর রাতে পুলিশ, র‍্যাব ও বিজিবির যৌথ অভিযানে সমাবেশটি সরিয়ে দেয়া হয়। ওই অভিযানে বহু মানুষ নিহত হওয়ার অভিযোগের ঘটনাটি বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্তাধীন রয়েছে।