মাহবুবুল আলম হানিফের নামে ২ মামলা দায়েরের সুপারিশ দুদকের

একইসাথে তার তিন সন্তানের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের জন্য নোটিশ ইস্যুর সিদ্ধান্তও নিয়েছে দুদক।

নয়া দিগন্ত অনলাইন
মাহবুবুল আলম হানিফ ও তার স্ত্রী ফৌজিয়া আলম
মাহবুবুল আলম হানিফ ও তার স্ত্রী ফৌজিয়া আলম |সংগৃহীত

কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: মাহবুবুল আলম হানিফের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে দু’টি মামলা দায়েরের সুপারিশ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একইসাথে তার তিন সন্তানের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের জন্য নোটিশ ইস্যুর সিদ্ধান্তও নিয়েছে দুদক।

সোমবার (১৪ জুলাই) দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মো: আকতারুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘মাহবুবুল আলম হানিফ ২৭ কোটি ৩৯ লাখ ২৯ হাজার ৩১ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন এবং বিভিন্ন সময় ১৮টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত মোট ৮৬ কোটি ৬৬ লাখ ৬৯ হাজার ৪৯৭ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য তদন্তে উঠে এসেছে।

এছাড়া মাহবুবুল আলম হানিফ ও তার স্ত্রী ফৌজিয়া আলম যৌথভাবে পারস্পরিক যোগসাজশে চার কোটি ৬৯ লাখ ৬৮ হাজার ৪৯০ টাকা জ্ঞাত আয়বহির্ভূতভাবে অর্জন করেছেন। এছাড়া ১৬টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তাদের বিরুদ্ধে মোট ৩৩ কোটি ১৩ লাখ ৫০ হাজার ৬০৯ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ পাওয়া গেছে। এসব তথ্যের ভিত্তিতে তাদের বিরুদ্ধেও আরেকটি মামলা রুজুর সুপারিশ করা হয়।

অন্যদিকে, তাদের তিন সন্তান-ফাহিম আফসার আলম, ফারহান সাদিক আলম এবং তানিশা আলমের বিরুদ্ধে তাদের অর্জিত সম্পদের উৎস সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য যাচাইয়ের প্রয়োজনীয়তা দেখা দেয়। এই পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের জন্য নোটিশ জারির সুপারিশ করেছে দুদক।’ বাসস