আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অবমাননাকর পোস্ট দেয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা এম এইচ পাটোয়ারী বাবুকে দুই মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
রোববার (১২ এপ্রিল) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন। ট্রাইব্যুনালে প্রসিকিউশন পক্ষে চিফ প্রসিকিউটর ও অপর প্রসিকিউটররা উপস্থিত ছিলেন। অন্যদিকে দণ্ডিত এম এইচ পাটোয়ারী বাবু আদেশের সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন।
দণ্ডিত পাটোয়ারী বাবু ঢাকা মহানগর উত্তর যুবলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। তিনি সিভিল এভিয়েশনের ঠিকাদার হিসেবে কাজ করতেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রোববার বিকেল সাড়ে ৩টার পর এ বিষয়ে শুনানি শুরু হয়। প্রথমেই বাবুর স্ত্রী ইসমাত আরার জবানবন্দি নেয়া হয়। তিনি এ ঘটনার জন্য নিজেকে অপরাধী দাবি করে ট্রাইব্যুনালের কাছে নিঃশর্ত ক্ষমা চান। পরে নেয়া হয় আসামির জবানবন্দি।
জবানবন্দিতে আসামি পাটোয়ারী বাবু নিজের ফেসবুক পেজ থেকে দেয়া বিতর্কিত পোস্টটি পড়ে শোনান। এ সময় তিনি দাবি করেন, অন্য একটি আইডি থেকে লেখাটি কপি করে তিনি নিজের অ্যাকাউন্টে শেয়ার করেছিলেন। ভবিষ্যতে এ ধরনের উসকানিমূলক পোস্ট বা বক্তব্য দেবেন না বলে অঙ্গীকার করে তিনি ট্রাইব্যুনালের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।
প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়, আদালতের আদেশ অনুযায়ী গত ৭ এপ্রিল তারা মিরপুরের শেওড়াপাড়ায় (শেনপাড়া) বাবুর বাসায় অভিযান চালান। তবে, সেখানে তাকে না পেয়ে তার স্ত্রীর কাছ থেকে মোবাইল ফোনটি জব্দ করা হয়। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা সাইবার স্কোয়াড নামে একটি গোপন গ্রুপ পরিচালনা করেন, যার অন্যতম সক্রিয় সদস্য ছিলেন দণ্ডিত বাবু। এই গ্রুপের মূল কাজই হলো সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যমূলক অপপ্রচার চালানো।
গত ৪ এপ্রিল এম এইচ পাটোয়ারী বাবু নামের ফেসবুক আইডি থেকে দেয়া একটি পোস্টে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনিরের বিরুদ্ধে আদালত অবমাননাকর অভিযোগ তোলা হয়। এই ফেসবুক পোস্টকে ‘বিভ্রান্তিকর’ ও ‘আদালত অবমাননাকর’ উল্লেখ করে প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে গত ৭ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এম এইচ পাটোয়ারী বাবুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। সেই সাথে ওই ফেসবুক পোস্টে লাইক, শেয়ার ও অবমাননাকর মন্তব্যকারী ব্যক্তিদের গ্রেফতার ও তাদের ডিভাইস জব্দের নির্দেশ দেয়া হয়। রোববার দুপুরে তিনি সস্ত্রীক আদালতে আত্মসমর্পণ করেন।



