ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট

এনবিআরের যে দাবি গ্রামীণ কল্যাণের পক্ষ থেকে চ্যালেঞ্জ করা হয়েছিল সেটি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে কর পরিশোধের বিষয়ে এনবিআরের দাবিই বহাল থাকলো।

নয়া দিগন্ত অনলাইন
ড. মুহাম্মদ ইউনূস
ড. মুহাম্মদ ইউনূস |ফাইল ছবি

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এ রায় দেন বিচারপতি মো: মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ।

এনবিআরের যে দাবি গ্রামীণ কল্যাণের পক্ষ থেকে চ্যালেঞ্জ করা হয়েছিল সেটি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে কর পরিশোধের বিষয়ে এনবিআরের দাবিই বহাল থাকলো।

হাইকোর্টের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল বিভাগে যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন গ্রামীণ কল্যাণের আইনজীবীরা।

সংবাদ সম্মেলনে গ্রামীণ কল্যাণের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন জানান, ‘এই মামলায় আজ যে রায় হয়েছে, সংক্ষিপ্ত রায় দিয়েছেন। পূর্ণাঙ্গ রায়ের জন্য আমরা অপেক্ষা করছি। রায়ের কপি পেলে আমরা আপিল বিভাগে লিভ টু আপিল ফাইল করবো।’

তিনি জানান, গ্রামীণ কল্যাণের প্রতিষ্ঠাতা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ২০২৪ সালের পর থেকে এই প্রতিষ্ঠানে আর যুক্ত নেই। এমনকি গ্রামীণ গ্রুপেরও চেয়ারম্যান নন তিনি।