বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
তিন দিনের রিমান্ড শেষে আজ রোববার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে এক দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো: সেফাতুল্লাহ তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ২৫ মার্চ দিবাগত রাতে রাজধানীর মিরপুরের ডিওএইচএসের বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ৯ এপ্রিল ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদ তার এ মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২২ সালের ১০ ডিসেম্বর এক দফা আদায়ের কর্মসূচি ঘোষণা করে বিএনপি।
এর আগে, ৭ ডিসেম্বর ডিবি পুলিশের হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার বিএনপি’র নয়া পল্টন কার্যালয়ে অভিযান চালায়। এসময় কার্যালয়ে ভাঙচুর চালায় তারা। কার্যালয়ের পাশে থাকা হাজার হাজার নেতা-কর্মীর ওপর হামলাও চালায় তারা। এসময় মকবুল হোসেন নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান।
এ ঘটনায় পল্টন থানায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা করেন।
সূত্র : বাসস



