দুদক

সাবেক প্রধানমন্ত্রীর দফতরের ১৫ গাড়িচালকের নামে ঝিলমিলে প্লট বরাদ্দ

শেখ হাসিনার ১৫ জন গাড়িচালকের নামে ‘বিশেষ বিবেচনায়’ সরকারি জমিতে প্লট বরাদ্দ দেয়া হয়েছিল বলে দুদকের তদন্তে উঠে এসেছে।

নয়া দিগন্ত অনলাইন

আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৫ জন গাড়িচালকের নামে ‘বিশেষ বিবেচনায়’ সরকারি জমিতে প্লট বরাদ্দ দেয়া হয়েছিল বলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তে উঠে এসেছে।

বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন।

তিনি বলেন, ওইসব চালকদের নামে ঝিলমিল আবাসিক প্রকল্পে তিন ও পাঁচ কাঠার প্লট বরাদ্দ দিতে রাজউককে চিঠি দিয়েছিল গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।

২০২৪ সালের ৭ ফেব্রুয়ারি পাঠানো ওই চিঠিটি স্বাক্ষর করেছিলেন মন্ত্রণালয়ের তৎকালীন যুগ্ম সচিব মো: মিজানুর রহমান।

প্লট বরাদ্দের তালিকায় থাকা ওই ১৫ চালকের মধ্যে তৎকালীন প্রধানমন্ত্রীর দফতরের ভিভিআইপি, ভিআইপি, সচিব, প্রটোকল অফিসার এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীদের চালকেরা রয়েছেন বলে জানিয়েছেন দুদকের কর্মকর্তারা।