সাবেক মন্ত্রী দীপু মনি শ্যোন অ্যারেস্ট

দুদকের প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেছেন।

নয়া দিগন্ত অনলাইন
সাবেক মন্ত্রী দীপু মনি
সাবেক মন্ত্রী দীপু মনি |সংগৃহীত

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনিকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

বুধবার (১৬ জুলাই) তাকে কারাগার থেকে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো: ইব্রাহিম মিয়ার আদালতে হাজির করে পুলিশ। এরপর দুদক তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

গ্রেফতার দেখানোর পর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

দুদকের প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত ১১ ফেব্রুয়ারি পাঁচ কোটি ৯২ লাখ দু’ হাজার ৫৩০ টাকার ‘জ্ঞাত আয়-বহির্ভূত’ সম্পদ অর্জন ও ২৮টি ব্যাংক হিসাবে ৫৯ কোটি ৭৯ লাখ ৯২ হাজার ৭৩১ টাকার ‘অস্বাভাবিক লেনদেনের’ অভিযোগে দীপু মনির বিরুদ্ধে দুদক-এর সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলাটি করেন সংস্থার কর্মকর্তা রাশেদুল হাসান।

উল্লেখ, গত ১৯ আগস্ট সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনিকে গ্রেফতার করে পুলিশ। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর বিভিন্ন থানার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় এবং একাধিক মামলায় রিমান্ডে নেয়া হয়। বাসস