বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইন্টেরিয়র মিস্ত্রি সেলিম মন্ডল হত্যা মামলায় সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতার (শ্যোন অ্যারেস্ট) দেখানো হয়েছে।
শুক্রবার রাতে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, গত বৃহস্পতিবার বিকেলে আদালতের নির্দেশে এই হত্যা মামলায় সাবেক মেয়র আইভীকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মাছুম বিল্লাহ তদন্তে আইভীর সম্পৃক্ততা পাওয়ার অভিযোগ এনে আদালতে আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের নিচতলায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই সময় ব্যাংকের ভেতরে ডেকোরেশনের কাজে নিয়োজিত সেলিম মন্ডলসহ তিন শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে মারা যান।
পুলিশ কর্মকর্তা তারেক আল মেহেদী জানান, ডা. সেলিনা হায়াৎ আইভী বর্তমানে কারাগারে রয়েছেন। আইনি প্রক্রিয়া অনুসরণ করে এই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।



