শেখ রেহানার ছেলে ববির বিরুদ্ধে দুদকের মামলা

আসামির কোনো বৈধ ব্যবসা-বাণিজ্য ছিল না এবং তার আয়কর নথিতে প্রদর্শিত আয় ও পারিবারিক ব্যয় বিবেচনায় বৈধ আয়ের পরিমাণ ছিল মাত্র এক কোটি ৬৬ লাখ টাকা।

নয়া দিগন্ত অনলাইন
রাদওয়ান মুজিব সিদ্দিক ববি
রাদওয়ান মুজিব সিদ্দিক ববি |ইন্টারনেট

রাদওয়ান মুজিব সিদ্দিক ববির বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের বাইরে দুই কোটি ৮৯ লাখ টাকার সম্পদ অর্জন এবং প্রায় ১২ কোটি টাকার সন্দেহজনক ব্যাংক লেনদেনের অভিযোগে একটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গতকাল দুদকের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন এ মামলা করেন।

আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক মো: আক্তার হোসেন এ তথ্য জানিয়েছেন।

এজাহার থেকে জানা যায়, তার বৈধ আয়ের উৎস না থাকা সত্ত্বেও দুই কোটি ৮৯ লাখ তিন হাজার ৩৫৫ টাকা মূল্যমানের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন। তিনি তার নামে ৩৯ লাখ ৮৩ হাজার ৭৫০ টাকার স্থাবর এবং দুই কোটি ৪৯ লাখ ১৯ হাজার ৬০৫ টাকার অস্থাবর সম্পদের তথ্য প্রদান করেন। তার তিনটি ব্যাংক হিসাবে মোট ১২ কোটি ৪৮ লাখ টাকা অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া যায়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আসামির কোনো বৈধ ব্যবসা-বাণিজ্য ছিল না এবং তার আয়কর নথিতে প্রদর্শিত আয় ও পারিবারিক ব্যয় বিবেচনায় বৈধ আয়ের পরিমাণ ছিল মাত্র এক কোটি ৬৬ লাখ টাকা। অথচ তিনি চার কোটি ৬৫ লাখ ২৬ হাজার টাকার সম্পদ ও ব্যয় করেছেন, যা তার বৈধ আয়ের তুলনায় প্রায় তিন কোটি টাকা অতিরিক্ত।

এজাহারে বলা হয়েছে, আসামির প্রদর্শিত ব্যবসার কোনো বাস্তব অস্তিত্ব বা বৈধ উৎস না থাকায় এটি জ্ঞাত আয়ের বাইরে অর্জিত অবৈধ সম্পদ হিসেবে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। একই সাথে উক্ত অর্থ বিভিন্ন ব্যাংক হিসাবে জমা, উত্তোলন ও রূপান্তরের মাধ্যমে মানি লন্ডারিং করেছেন।