সাবেক বিচারপতি সৈয়দ রেফাত

বিচার বিভাগের গুণমানই একটি দেশের প্রধান অর্থনৈতিক সূচক

একবিংশ শতাব্দীর বিশ্বায়িত অর্থনীতিতে, দেশী ও বিদেশী উভয় বিনিয়োগকারীই কোনো দেশকে শুধুমাত্র কর ছাড় বা অবকাঠামো দিয়ে বিচার করেন না। তারা নিশ্চয়তা খোঁজেন। তারা এই আশ্বাস চান যে চুক্তিগুলো সম্মানিত হবে, অধিকার সুরক্ষিত থাকবে এবং বিরোধগুলো কয়েক দশকে নয়, বরং কয়েক মাসের মধ্যেই নিষ্পত্তি হবে।

নয়া দিগন্ত অনলাইন
সাবেক প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ
সাবেক প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ |বাসস

সাবেক প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেন, একটি দেশের বিচার বিভাগের গুণমানই তার প্রধান অর্থনৈতিক সূচক। তিনি বলেন, ‘দ্রুত, কার্যকর এবং স্বচ্ছ বিচার ব্যবস্থাকে অগ্রাধিকার দেয়ার মাধ্যমে আমরা বাণিজ্যিক ন্যায়বিচারের জন্য একটি শক্তিশালী কাঠামো নির্মাণ করছি।’

আজ শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল বলরুমে বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার (বিআক) প্রতিষ্ঠার ১৫ বছর পূর্তি উপলক্ষে প্রথম বাংলাদেশ এডিআর সামিট অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সৈয়দ রেফাত আহমেদ আরো বলেন, একবিংশ শতাব্দীর বিশ্বায়িত অর্থনীতিতে, দেশী ও বিদেশী উভয় বিনিয়োগকারীই কোনো দেশকে শুধুমাত্র কর ছাড় বা অবকাঠামো দিয়ে বিচার করেন না। তারা নিশ্চয়তা খোঁজেন। তারা এই আশ্বাস চান যে চুক্তিগুলো সম্মানিত হবে, অধিকার সুরক্ষিত থাকবে এবং বিরোধগুলো কয়েক দশকে নয়, বরং কয়েক মাসের মধ্যেই নিষ্পত্তি হবে।

সাবেক প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বিচারব্যবস্থাকে আরো কার্যকর ও ব্যবসাবান্ধব আইনি পরিবেশ গড়ে তুলতে এডিআরের গুরুত্ব পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ফাতেমা আনোয়ার। এছাড়া বিআক- এর পরিচালনা পর্ষদের সদস্য, দেশের বিশিষ্ট আইনজীবী এবং ব্যাংকিং ও করপোরেট খাতের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

নিবন্ধন ও সৌহার্দ্য বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পবিত্র কোরআন তিলাওয়াতের পর বিআক- এর চেয়ারম্যান মাহবুবুর রহমান অতিথি ও অংশগ্রহণকারীদের স্বাগত জানান। স্বাগত বক্তব্যে তিনি প্রতিষ্ঠালগ্ন থেকে বিআক- এর পথচলা, বাংলাদেশে প্রাতিষ্ঠানিক সালিশ ও মধ্যস্থতা ব্যবস্থার বিকাশে প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ অবদান এবং বিচার বিভাগ, আইনজীবী সমাজ, ব্যবসায়ী সম্প্রদায় ও অন্যান্য অংশীজনের ধারাবাহিক সহযোগিতার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।