যুবদল নেতা আরিফকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় রিমান্ড শেষে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে ফতেহ আলীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
আজ বুধবার সাত দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত, তাকে কারাগারে পাঠানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে তার জামিন চেয়ে আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী।
শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো: আবদুল ওয়াহাব তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে, গত ৯ জুলাই এ মামলায় তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো: আবদুল ওয়াহাব।
মামলা সূত্রে জানা গেছে, গত ১৯ এপ্রিল রাতে রাজধানীর হাতিরঝিল থানাধীন নয়াটোলা মোড়ল গলির ‘দি ঝিল ক্যাফে’র সামনে যুবদল নেতা মো: আরিফ সিকদারকে গুলি করা হয়। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ২১ এপ্রিল তার মৃত্যু হয়।
নিহত আরিফ সিকদার ঢাকা মহানগর উত্তরের ৩৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সহ-ক্রীড়া সম্পাদক।
এই ঘটনায় নিহত আরিফের বোন রিমা আক্তার সুব্রত বাইনের সহযোগী মাহফুজুর রহমান বিপুসহ ১০ জনের বিরুদ্ধে হাতিরঝিল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের তেজগাঁও বিভাগ তদন্ত করছে।
মামলার অন্য আসামিরা হলেন- মো: ইয়াছিন (১৯), মো: আসিফ হোসেন (২১), মো: অনিক (১৯), মো: মিরাজ (১৯), মো: আশিক (১৯), মো: ইফতি (২৪), জাফর ইমাম তরফদার মন্টু (৪০), রতন শেখ (৪৫) ও আলিফ (১৯)।
উল্লেখ্য, গত ২৭ মে সুব্রত বাইন ও তার সহযোগী মোল্লা মাসুদসহ চারজনকে অস্ত্রসহ গ্রেফতার করে যৌথবাহিনী।



