মানবতাবিরোধী অপরাধের মামলা

সালমান ও আনিসুলের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু

বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সাক্ষ্য গ্রহণ শুরু হয়। প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন মিরপুরের ইমরান হোসাইন।

নয়া দিগন্ত অনলাইন
সালমান এফ রহমান ও আনিসুল হক
সালমান এফ রহমান ও আনিসুল হক |ইন্টারনেট

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে চব্বিশের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান চলাকালে কারফিউ দিয়ে ছাত্র-জনতাকে হত্যার উসকানিসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।

আজ রোববার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সাক্ষ্য গ্রহণ শুরু হয়। প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন মিরপুরের ইমরান হোসাইন।

এর আগে, গত ১২ জানুয়ারি আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। আদালতে আসামিপক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মনসুরুল হক চৌধুরী। অন্যদিকে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

গত ৪ ডিসেম্বর এই মামলায় সালমান ও আনিসুলের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে সে অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

প্রসিকিউশন পক্ষ জানায়, চব্বিশের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান চলাকালে আনিসুল হক ও সালমান এফ রহমানের মধ্যে একটি ফোনালাপ হয়। সেখানে তারা কারফিউ চলাকালে আন্দোলনকারীদের ‘শেষ করে দেয়ার’ কথা বলেন। তাদের এই উসকানিমূলক বক্তব্যের পরই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যাকাণ্ড ঘটানো হয় বলে প্রসিকিউশনের অভিযোগে বলা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১৩ আগস্ট সালমান এফ রহমান ও আনিসুল হক গ্রেফতার হন। এরপর থেকে তারা কারাগারেই আছেন।

সূত্র : বাসস