জমির উদ্দিন সরকারের মৃত্যুতে অ্যাটর্নি জেনারেলের শোক

ব্যারিস্টার মোহাম্মদ জমির উদ্দিন সরকার ছিলেন দেশের আইন অঙ্গন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও সাংবিধানিক পরিমণ্ডলের এক বিশিষ্ট ব্যক্তিত্ব। ন্যায়বিচার, সততা, আইনের শাসন এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তার দীর্ঘ কর্মজীবনের অবদান জাতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

নয়া দিগন্ত অনলাইন

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং বাংলাদেশের জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার মোহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো: রুহুল কুদ্দুস (কাজল)।

আজ রোববার সকালে প্রকাশিত এক শোকবার্তায় তিনি বলেন, ‘ব্যারিস্টার মোহাম্মদ জমির উদ্দিন সরকার ছিলেন দেশের আইন অঙ্গন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও সাংবিধানিক পরিমণ্ডলের এক বিশিষ্ট ব্যক্তিত্ব। ন্যায়বিচার, সততা, আইনের শাসন এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তার দীর্ঘ কর্মজীবনের অবদান জাতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করবে।’

তিনি আরো বলেন, ‘একজন প্রাজ্ঞ আইনজীবী, সংসদীয় গণতন্ত্রের অভিভাবক এবং রাষ্ট্রনায়ক হিসেবে তিনি দেশের জন্য যে অবদান রেখে গেছেন, তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তার মৃত্যু দেশের আইন অঙ্গন ও জাতীয় জীবনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করেছে।’

তিনি মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি জ্ঞাপন করেন।