হত্যাসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা ১০টি মামলায় নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।
রোববার (১০ মে) সকালে আপিল বিভাগ এই আদেশ দেন।
আইভীর বিরুদ্ধে হত্যা, পুলিশের কাজে বাধাদান ও সহিংসতার মোট ১২টি মামলা রয়েছে।
তার আইনজীবী মোতাহার হোসেন সাজু জানিয়েছেন, ‘আপাতত তার মুক্তিতে বাধা নেই।’
তিনি আরো জানান, ‘জামিন পাওয়া এই ১০টি মামলার মধ্যে ছয়টি হত্যা, বাকিগুলো পুলিশের ওপর হামলা, সহিংসতা, সরকারি কাজে বাধাদানের মামলা।’
এছাড়াও আরো দুইটি হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন আইভী।
এই মামলা দুটির জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ চেম্বার জজ আদালতে আপিল করেছে উল্লেখ করে সাজু জানান, ‘এগুলো এখনো শুনানির জন্য আসেনি।’
উল্লেখ্য, গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের নিজ বাসা থেকে আইভীকে গ্রেফতার করে পুলিশ। মোট ১২ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
আইভী ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন। পরে নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের টানা তিনটি নির্বাচনে জয়ী হন তিনি।



