বাংলাদেশ বার কাউন্সিলের অধীন অধস্তন আদালতে আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।
শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া স্টোরিতে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
জাইমা রহমান লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সাথে একটি ব্যক্তিগত সাফল্য ভাগ করতে চাই। আজ বাংলাদেশ বার কাউন্সিলের প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষায় অংশ নিয়েছি এবং আল্লাহর রহমতে উত্তীর্ণ হয়েছি।’
জানা গেছে, এবারের পরীক্ষায় তিনি বিএএফ শাহীন কলেজ কেন্দ্রে অংশ নেন। শুক্রবার সকালে অনুষ্ঠিত ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষার ফল রাতে প্রকাশ করে বাংলাদেশ বার কাউন্সিল। এতে মোট ৯ হাজার ২০১ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
চলতি বছরের পরীক্ষায় আবেদন করেছিলেন ৩৭ হাজার ৮০ জন। উত্তীর্ণদের তালিকা বার কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষা তিন ধাপে অনুষ্ঠিত হয়—প্রথমে এমসিকিউ, এরপর লিখিত এবং সর্বশেষ মৌখিক পরীক্ষা। তিন ধাপেই উত্তীর্ণ প্রার্থীরা আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ার সুযোগ পান।



