মনির হত্যা

সাবেক এমপি হাজি সেলিম ও সোলেমান রিমান্ডে

সুষ্ঠু তদন্তের জন্য তাদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফরহাদ ইশতিয়াক তাদের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

নয়া দিগন্ত অনলাইন
হাজি সেলিম ও সোলাইমান সেলিম
হাজি সেলিম ও সোলাইমান সেলিম |ইন্টারনেট

ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম ও মো: সোলাইমান সেলিমের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর শাহবাগ থানা এলাকায় ঝুট ব্যবসায়ী মো: মনিরকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় এ রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

আজ সোমবার কারাগার থেকে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফরহাদ ইশতিয়াক তাদের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গত বছরের ১ সেপ্টেম্বর দিবাগত মধ্যরাতে রাজধানীর বংশাল থানাধীন এলাকা থেকে হাজী সেলিমকে গ্রেফতার করা হয়।

গত ১৩ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে সোলাইমান সেলিমকে গ্রেফতার করে র‌্যাব-২।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ৫ আগস্ট শাহবাগ থানার চাঁনখারপুল এলাকায় ছাত্র-জনতার সাথে আন্দোলনে অংশ নেন ক্ষুদ্র ঝুট ব্যবসায়ী মো: মনির। দুপুরে আসামিদের ছোঁড়া গুলিতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

এ ঘটনায় নিহতের স্ত্রী রোজিনা আক্তার গত ১৪ মার্চ শাহবাগ হত্যা মামলা করেন। এ মামলায় ৩৫১ জনকে এজাহারনামীয় ও পাঁচ শ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।