ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমদ ওরফে জ্বালাময়ী জালালের বিরুদ্ধে রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সাথে তার বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে।
মঙ্গলবার দিবারাত সাড়ে ১২টার দিকে ঢাবির হাজী মুহাম্মদ মুহসীন হলের ৪৬২ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থী রবিউল হক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র।
হলের প্রাধ্যক্ষ মো: সিরাজুল ইসলাম জালাল আহমদের হল থেকে বহিষ্কারাদেশ দেন। তিনি বলেন, এ ধরনের নৃশংস কর্মকাণ্ডের জন্য তাকে হল থেকে বহিষ্কার করা হলো। পাশাপাশি তার ছাত্রত্ব বাতিলের উদ্যোগ নেয়া হবে।
জালাল আহমদ বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন অ্যান্ড ফিল্ম বিভাগের শিক্ষার্থী।
এদিকে, এই ঘটনায় পুলিশ জালালকে রাতেই গ্রেফতার করে হেফাজতে নেয়।
এ বিষয়ে শাহবাগ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন জালাল আহমদের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করেছে। তাকে কোর্টে পাঠানো হয়েছে।
ঘটনার বর্ণনা দিয়ে রবিউল বলেন, ‘রাত সাড়ে ১২টার দিকে জালাল রুমে এসে লাইট অন করে এবং শব্দ করতে থাকে। ফলে আমার ঘুম ভেঙে যায়। তখন আমি বলি, সকালে আমাকে লাইব্রেরিতে যেতে হবে অযথা শব্দ করলে ঘুমে সমস্যা হচ্ছে। এতে সে রেগে গিয়ে আমাকে অবৈধ, বহিরাগত বলে। আমি প্রতিবাদ করলে আমাকে আঘাত করে জখম করে। পরে কোনোক্রমে আমি নিজেকে আত্মরক্ষা করি।’
ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযুক্ত জালাল আহমদকে পুলিশে সোপর্দ করে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ বলেন, এ ঘটনায় জালাল আহমদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। আসন্ন ডাকসু নির্বাচনে এ ঘটনার কোনো প্রভাব পড়বে না।



