২০২৩ সালের ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘটিত সংঘাতের ঘটনায় দায়ের করা বিস্ফোরক আইনের এক মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৬৫ জন নেতাকর্মীকে অব্যাহতি দিয়েছেন আদালত।
সরকারবিরোধী আন্দোলনের সময় দায়ের করা এই মামলাটি প্রায় দু’বছর ধরে বিচারাধীন ছিল। মামলায় আসামিদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনের আওতায় অভিযোগ আনা হয়েছিল।
বৃহস্পতিবার (২১ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ মো: জাকির হোসেন গালিবের আদালত পুলিশের দেয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে এ আদেশ দেন।
অব্যাহতি পাওয়া উল্লেখযোগ্যরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বরকত উল্লাহ বুলু, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক, সাবেক ফুটবলার, বিএনপি নেতা আমিনুল হক ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
মামলা সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের সময় ২০২৩ সালের ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে রমনা থানা এলাকায় জড়ো হন দলটির নেতাকর্মীরা। পরে সেখানে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ঘ হয়। ওই সময় ‘যানবাহনে ক্ষতিসাধন ও পুলিশের কাজে বাধা, ককটেল বিস্ফোরণের’ অভিযোগে ৩১ অক্টোবর এ মামলা দায়ের করেন রমনা থানার এসআই আউয়াল।
অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকার পতনের পর গত বছরের ২১ অক্টোবর আদালতে দুটি চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা একই থানার এসআই মামুন হাসান। সেখানে মির্জা ফখরুলসহ ৬৫ জনকে অব্যাহতি দেয়ার আবেদন করা হয়। পরে গত বছরের ১৮ ডিসেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত একটি চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে আসামিদের অব্যাহতি দেন।
আর বিস্ফোরণ আইনের চূড়ান্ত প্রতিবেদনটি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বদলি করা হয়।



