নির্দিষ্ট কোনো মামলা না থাকলে কাউকে ‘শ্যোন অ্যারেস্ট’, গ্রেফতার বা অন্য কোনোভাবে হয়রানি করা যাবে না— হাইকোর্টের দেয়া এ আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। একই সাথে এ বিষয়ে জারি করা রুল চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৯ জুলাই) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। অপরদিকে আবেদনকারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন ও অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব।
এর আগে হাইকোর্ট কয়েকজন আবেদনকারীর ক্ষেত্রে রায় দিয়ে বলেছিলেন, তাদের বিরুদ্ধে নির্দিষ্ট কোনো মামলা না থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ‘শ্যোন অ্যারেস্ট’, গ্রেফতার কিংবা অন্য কোনোভাবে হয়রানি করতে পারবে না।
একই সাথে আদালত রুল জারি করে জানতে চান, আবেদনকারীদের বারবার ‘শ্যোন অ্যারেস্ট’ দেখানো এবং হয়রানি, অপমান ও নিপীড়নের উদ্দেশ্যে গুরুতর প্রকৃতির মিথ্যা মামলায় জড়ানোর পদক্ষেপ কেন বেআইনি, আইনগত কর্তৃত্ববহির্ভূত ও অকার্যকর ঘোষণা করা হবে না। পাশাপাশি নির্দিষ্ট কোনো মামলা না থাকলে তাদের গ্রেফতারবা হয়রানি না করার নির্দেশ কেন দেওয়া হবে না— তাও জানতে চাওয়া হয়।
পরে হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করলে শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করেন এবং রুল দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেন।



