দিলীপ আগরওয়ালাসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো: জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

নয়া দিগন্ত অনলাইন
দিলীপ আগরওয়ালা
দিলীপ আগরওয়ালা |সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপ-কমিটির সদস্য এবং ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালাসহ আটজনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

নিষেধাজ্ঞা দেয়া অন্যরা হলেন দিলীপ কুমার আগরওয়ালার স্ত্রী সবিতা আগরওয়ালা, ছেলে ইয়াশ আগরওয়ালা, মেয়ে আঁচল আগরওয়ালা, এনামুল হক খান, শারমীন খান, আলিফ ইমরান খান ও লাভিবা নিসারাত খান।

মঙ্গলবার (২২ জুলাই) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো: জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

আবেদনে বলা হয়, দিলীপ কুমার আগরওয়ালা ও বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) বহিষ্কৃত সাবেক সভাপতি এনামুল হক দোলনের বিরুদ্ধে সিন্ডিকেটে স্বর্ণ চোরাচালান করে আওয়ামী লীগ আমলে হাজার কোটি টাকার মালিক হওয়ার অভিযোগ প্রাথমিকভাবে প্রতীয়মান হয়।

অনুসন্ধানকালে জানা যায় যে, অভিযোগ সংশ্লিষ্ট দিলীপ কুমার আগরওয়ালা বর্তমানে ভিন্ন মামলায় জেলহাজতে অন্তরীণ রয়েছেন। তিনি জামিনে বের হয়ে দেশের বাইরে চলে যেতে পারেন। এছাড়া অভিযোগ সংশ্লিষ্ট অন্য ব্যক্তিরা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। বিধায় তাদের বিদেশ গমন রহিতকরণের আদেশ প্রদান করা একান্ত প্রয়োজন।

এর আগে, গত ৩ সেপ্টেম্বর রাজধানীর গুলশান থেকে দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেফতার করে র‌্যাব-১। পরদিন ৪ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এ মামলায় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ২৬ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।