মোমিন মেহেদী-শান্তা ফারজানাসহ ৬ জনের জামিন নামঞ্জুর

ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতে তাদের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন।

নয়া দিগন্ত অনলাইন
চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট
চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট |ফাইল ছবি

সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় রাজনৈতিক সংগঠন নতুন ধারা বাংলাদেশ’র চেয়ারম্যান মোমিন মেহেদী ও সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানাসহ ছয়জনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

জামিন নামঞ্জুর হওয়া অপর আসামিরা হলেন- সংগঠনটির ভাইস চেয়ারম্যান নুরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আফতাব মণ্ডল ও হরী সরকার।

সোমবার (১০ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতে তাদের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন।

শাহবাগ থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক শাহ আলম বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ৫ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

মোমিন মেহেদী, শান্তা ফারজানাসহ ওই ছয়জনের বিরুদ্ধে ৪ আগস্ট বাবুল সরদার নামে এক ব্যক্তি বাদি হয়ে শাহবাগ থানায় একটি মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরো ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়। আসামিদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনের ৭/৮/৯(১)/৯(২)/১০/১১/১২ তৎসহ দণ্ডবিধি আইনের ১৪৩/৩২৩/৩২৫/৩০৭/৫০৬/১১৪/৩৪ ধারার অভিযোগ আনা হয়েছে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, আসামিরা আওয়ামী লীগের দোসর এবং বর্তমান সরকার বিরোধী ষড়যন্ত্রকারী। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আসামিরা উস্কানিমূলক স্লোগান ও মিছিল দিতে থাকে। এ সময় বাবুল সরকার এবং রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্য সচিব আল নুর মোহাম্মদ আয়াসসহ জুলাই আন্দোলনের কয়েকজন এর প্রতিবাদ করলে আসামিরা দেশীয় অস্ত্র, লাঠি, এসএস পাইপ, চেয়ার ও হকিস্টিক নিয়ে তাদের ওপর হামলা চালান। এতে আয়াসসহ কয়েকজন আহত হন। গুরুতর আহত অবস্থায় আয়াসকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সূত্র : বাসস