দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো: শাহ কামালের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো: সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারি মো: রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আবেদনে বলা হয়েছে, আসামি শাহ কামাল নিজ নামে মোট ১১ কোটি ৬৩ লাখ টাকার সম্পদের মধ্যে অপরাধমূলক অসদাচরণ, ক্ষমতার অপব্যবহার ও অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত পাঁচ কোটি ৭৯ লাখ টাকার সম্পদের মালিকানা অর্জন ও দখলে রেখেছেন। পাশপাশি ১০টি ব্যাংক হিসাবে সন্দেহজনক টাকা উত্তোলন, হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তরপূর্বক আয়ের উৎস আড়াল করেছেন। এসব কারণে দুর্নীতি ও ঘুষসহ মানিলন্ডারিংয়ে সম্পৃক্ততার অপরাধে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
তদন্তকালে প্রাপ্ত রেকর্ডপত্র ও তথ্যাদি পর্যালোচনায় দেখা যায়, আসামি একজন আয়করদাতা। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি শাহ কামালের আয়কর নথি জব্দ করা প্রয়োজন।
সূত্র : বাসস



