রাষ্ট্রের ৭৫ কোটি টাকা ক্ষতি

ডেসকোর ২ শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

অভিযুক্তরা পরস্পর যোগসাজশে দাফতরিক দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে মন্ত্রিপরিষদ বিভাগের আদেশ অমান্য করেন।

নয়া দিগন্ত অনলাইন
দুদক
দুদক |ইন্টারনেট

সরকারি নির্দেশনা অমান্য করে নিজস্ব ডাটা সেন্টার নির্মাণের মাধ্যমে রাষ্ট্রের প্রায় ৭৪ কোটি ৮৩ লাখ টাকা ক্ষতির অভিযোগে ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো: কাউসার আমীর আলী এবং প্রধান প্রকৌশলী শামীম আহসান চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ সোমবার দুদক প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো: আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

মামলাটি দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় দায়ের করা হয়েছে।

এজাহারে বলা হয়, অভিযুক্তরা পরস্পর যোগসাজশে দাফতরিক দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে মন্ত্রিপরিষদ বিভাগের আদেশ অমান্য করেন। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, পূর্বানুমতি ছাড়া কোনো মন্ত্রণালয় বা সংস্থার নিজস্ব ডাটা সেন্টার নির্মাণে নিষেধাজ্ঞা থাকলেও তা উপেক্ষা করে ডেসকোর জন্য আলাদা ডাটা সেন্টার নির্মাণের উদ্যোগ নেয়া হয়।

দুদকের অনুসন্ধানে উঠে আসে, ১৭ ডিসেম্বর ২০২০ তারিখে মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সরকারি সব সংস্থার তথ্য বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেডের (বিডিসিসিএল) মাধ্যমে সংরক্ষণের সিদ্ধান্ত নেয়া হয়। পরে ২৪ জানুয়ারি ২০২১ তারিখে এ বিষয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হলেও ডেসকো তা অনুসরণ করেনি। বরং ২০২১ সালের ২৭ এপ্রিল ডেসকো প্রায় ৭১ কোটি ৭৮ লাখ টাকার একটি আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে নিজস্ব ডাটা সেন্টার নির্মাণের জন্য, যা সরকারি অর্থ সাশ্রয়ের নীতির পরিপন্থী এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে দুদকের তদন্তে প্রমাণিত হয়েছে।

দুদক জানায়, অভিযুক্তদের কর্মকাণ্ডের ফলে রাষ্ট্রের মোট ৭৪ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯২ টাকার আর্থিক ক্ষতি হয়েছে, যা অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও আর্থিক অসদাচরণের শামিল।

ঘটনাটি ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় সংঘটিত হয়েছে এবং সময়কাল ধরা হয়েছে ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত।

সূত্র : বাসস