পলককে কারাগারে নেয়ার সময় আদালত পাড়ায় বিশৃঙ্খলা সৃষ্টি : গ্রেফতার ৪ জন রিমান্ডে

রিমান্ডকৃত আসামিরা হলেন মোস্তাকিম হোসেন, মো: নূর আলম, মো: রুহুল আমিন ও মো: আনোয়ার হোসেন।

নয়া দিগন্ত অনলাইন
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত |সংগৃহীত

ট্রাকচালক হোসেন হত্যা মামলার শুনানি শেষে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে কারাগারে নেয়ার সময় ঢাকা মহানগর দায়রা জজ আদালত পাড়ায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেফতার চার আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রিমান্ডকৃত আসামিরা হলেন মোস্তাকিম হোসেন (৫১), মো: নূর আলম (৩৫), মো: রুহুল আমিন (২৯) ও মো: আনোয়ার হোসেন (৪৮)।

মঙ্গলবার (২৮ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো: জুয়েল রানা শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গতকাল বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপ-পরিদর্শক ইবনে খালিদ হোসেন তাদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। একইসাথে রিমান্ড শুনানির জন্য আজ দিন ধার্য করেন আদালত।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২৬ জুলাই রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ট্রাকচালক হোসেন হত্যা মামলায় পলাতক শেখ হাসিনা ও সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের দিন ধার্য ছিল। ওই শুনানি উপলক্ষে কারাগার থেকে জুনাইদ আহমেদ পলকসহ চারজনকে আদালতে হাজির করা হয়। এ সময় মহানগর দায়রা জজ আদালত ভবনের ক্যান্টিন গেট এলাকায় নিষিদ্ধ সংগঠনের কতিপয় সদস্য ও সমর্থক সমবেত হয়। তারা জুনাইদ আহমেদ পলককে প্রিজনভ্যানে নিয়ে যাওয়ার সময় সরকারবিরোধী স্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালায়।

সংবাদ পেয়ে কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন হাতেনাতে ওই চারজনকে আটক করা হয় এবং বাকি ১০০ থেকে ১৫০ জন অজ্ঞাত পরিচয় সদস্য পালিয়ে যায়।

পরবর্তী সময়ে আটক হওয়া আসামিদের কোতোয়ালি থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। বাসস