জনগণের তথ্য পাওয়ার অধিকারের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে আগামী ১২ আগস্ট সুপ্রিম কোর্টের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে সাংবাদিক সমাজ। ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে এলআরএফ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এলআরএফ সভাপতি মুহাম্মদ ইয়াছিনের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আরাফাত মুন্না। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ডিইউজে সভাপতি মো: শহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন ডিইউজে সাধারণ সম্পাদক খুরশীদ আলম।
সভায় বক্তারা বলেন, স্বাধীনতার পর থেকেই সুপ্রিম কোর্টে সাংবাদিকদের প্রবেশ একটি প্রতিষ্ঠিত রীতি। গত পাঁচ দশকের বেশি সময়ে ২৫ জন প্রধান বিচারপতির আমলে সাংবাদিকরা আদালতে প্রবেশ করে শুনানি পর্যবেক্ষণ, নোট গ্রহণ ও সংবাদ প্রকাশ করে আসছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে সুপ্রিম কোর্টসহ কয়েকটি আদালতে সাংবাদিকদের প্রবেশে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। এতে জনগণের তথ্য পাওয়ার অধিকার মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে।
আদালতে সাংবাদিকদের প্রবেশাধিকার বন্ধের ঘটনায় সভায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন সাংবাদিক নেতারা। একইসাথে সাংবাদিকরা যেন নির্বিঘ্নে আদালতের খবর সংগ্রহ করতে পারেন, সে বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে প্রধান বিচারপতির প্রতি সবিনয় আহ্বান জানান তারা।
সভায় ১২ আগস্টের কর্মসূচি সফল করতে সম্পাদক পরিষদ, ন্যাশনাল এডিটরস কাউন্সিল, জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটিসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতাদের সাম্প্রতিক প্রতিবন্ধকতা ও কর্মসূচির বিষয়ে অবহিত করার সিদ্ধান্ত হয়।
সভায় এলআরএফের সাবেক সভাপতি সালেহ উদ্দিন, আশুতোষ সরকার, সাঈদ আহমেদ খান, ওয়াকিল আহমেদ হিরন, মাশহুদুল হক, শামীমা আক্তার, হাসান জাবেদ, সাবেক সাধারণ সম্পাদক কাজী আবদুল হান্নান, আব্দুর রহমান, হাবিবুর রহমান, সিনিয়র সদস্য শংকর মৈত্র, খোকন বড়ুয়া, সাজেদুল হক, মিলটন আনোয়ার, মহিউদ্দিন ফারুক, সহ-সভাপতি আবু সালেহ রনি, সাংগঠনিক সম্পাদক আহমেদ আল আমীন, দফতর সম্পাদক মাহমুদুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদুল বাশার, কার্যনির্বাহী সদস্য ইলিয়াস সরকার ও এস এম নূর মোহাম্মদ বক্তব্য দেন।



