আওয়ামী লীগ সরকারের আমলে বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর জমি ও ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত। এছাড়াও তার নামে থাকা দু’টি এফডিআর ও ১৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৩ জুলাই) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো: জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম এ তথ্য জানান।
জব্দ করা সম্পত্তিগুলোর মধ্যে রয়েছে বরগুনায় ১০৭৩ শতক জমি, দু’টি টিন শেড বাড়ি, রাজধানীর উত্তরায় একটি ফ্ল্যাট, আফতাব নগরে পাঁচ কাঠা জমি ও দু’টি গাড়ি।
দুদকের আবেদনে বলা হয়েছে, ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ পাঁচ কোটি একচল্লিশ লাখ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখাসহ নিজ নামীয় মোট ১৬টি ব্যাংক হিসাবে একচল্লিশ কোটি তিরানব্বই লাখ টাকা অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর করায় দুদক একটি মামলা দায়ের করেছে। আসামি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু তার অর্জিত স্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর বা বেহাত করার প্রচেষ্টায় রয়েছেন। মামলার তদন্তের স্বার্থে অবিলম্বে তার নিজের সম্পদগুলো জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন। তার সম্পদগুলো জব্দ করা না হলে তিনি তা হস্থান্তর, স্থানান্তর, রূপান্তর করতে পারে তাই বিচারকালে তা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না। এতে রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাসস



