সরকারি চাকরি জনগণের সেবার বড় সুযোগ : আইনমন্ত্রী

একটি মন্ত্রণালয়ের সফলতা এককভাবে মন্ত্রী, সচিব কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের ওপর নির্ভর করে না। পিয়ন থেকে শুরু করে শীর্ষ কর্মকর্তা পর্যন্ত প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করলেই একটি দফতর সফলভাবে পরিচালিত হতে পারে।

নিজস্ব প্রতিবেদক
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন আইনমন্ত্রী মো: আসাদুজ্জামান
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন আইনমন্ত্রী মো: আসাদুজ্জামান |ইন্টারনেট

সরকারি চাকরি কেবল কোনো সাধারণ পেশা নয়, এটি জনগণের সেবা করার একটি অনন্য ও গুরুত্বপূর্ণ সুযোগ বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো: আসাদুজ্জামান। তিনি বলেন, একজন কর্মকর্তা তার কর্মজীবনে সততা, নিষ্ঠা, দক্ষতা ও দায়িত্বশীলতার পরিচয় দিলে তা শুধু সরকারি প্রতিষ্ঠানকে শক্তিশালীই করে না, বরং সাধারণ মানুষের মৌলিক সেবা নিশ্চিত করতেও বড় ভূমিকা রাখে।

আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে আইন ও বিচার বিভাগ আয়োজিত সম্প্রতি পদোন্নতিপ্রাপ্ত এবং অবসরোত্তর ছুটিতে যাওয়া কর্মকর্তাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, একটি মন্ত্রণালয়ের সফলতা এককভাবে মন্ত্রী, সচিব কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের ওপর নির্ভর করে না। পিয়ন থেকে শুরু করে শীর্ষ কর্মকর্তা পর্যন্ত প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করলেই একটি দফতর সফলভাবে পরিচালিত হতে পারে।

মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রমে সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীর অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, একজন কর্মচারী যিনি মন্ত্রীর চা পরিবেশন করেন কিংবা কক্ষের দরজা খুলে দেন, তারও কাজের নিজস্ব গুরুত্ব রয়েছে। প্রতিষ্ঠানের সফলতায় প্রত্যেকের অবদানের যথাযথ মূল্যায়ন ও স্বীকৃতি থাকা প্রয়োজন।

পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে মন্ত্রী উল্লেখ করেন, পদোন্নতি আনন্দের ও গৌরবের হলেও এটি দায়িত্ব বহুগুণ বাড়িয়ে দেয়। অর্পিত পদে আরো বেশি নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে আইন ও বিচার বিভাগের কর্মকর্তাদের আরো সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখতে হবে।

দীর্ঘ কর্মজীবন শেষ করে অবসরোত্তর ছুটিতে যাওয়া কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও কর্মনিষ্ঠা নবীন কর্মকর্তাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তিনি বিদায়ী কর্মকর্তাদের উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন।

আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংবর্ধনা সভায় অতিরিক্ত সচিব এসএম এরশাদুল আলম ও অতিরিক্ত সচিব মো: খাদেম উল কায়েসসহ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।