মিটফোর্ডে হত্যা : টিটন গাজী ৫ দিনের রিমান্ডে

শুক্রবার কোতোয়ালি থানার জিন্দাবাহার এলাকা থেকে টিটন গাজীকে গ্রেফতার করে পুলিশ।

নয়া দিগন্ত অনলাইন
টিটন গাজী
টিটন গাজী

রাজধানীর পুরান ঢাকায় ভাঙারি ব্যবসায়ী সোহাগকে পাথর দিয়ে আঘাত করে হত্যার ঘটনায় করা মামলায় টিটন গাজীর (৩৩) পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে ঢাকার একটি আদালত। টিটন গাজী এজহারনামীয় ৯ নম্বর আসামি।

শনিবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দিন। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

কোতোয়ালি থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের এসআই তানভীর আহমেদ বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার কোতোয়ালি থানার জিন্দাবাহার এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গত ৯ জুলাই সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে পাকা রাস্তার ওপর একদল লোক ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) এলোপাথাড়িভাবে আঘাত করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। ওই ঘটনায় পরের দিন ১০ জুলাই নিহতের বড় বোন মঞ্জুয়ারা বেগম ১৯ জনের বিরুদ্ধে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আরো ১৫/২০ জনকে আসামি করা হয়।

নিহত মো: সোহাগ কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব নামাবাড়ি গ্রামের ইউসুফ আলী হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মিটফোর্ড এলাকার ৪ নম্বর রজনী ঘোষ লেনে ভাঙারির ব্যবসা করতেন।