রাজধানীর যাত্রাবাড়ীতে মানসিক ভারসাম্যহীন এক নারীকে গণধর্ষণের পর হত্যার অভিযোগে দায়ের করা মামলায় উজ্জ্বল মিয়া (৪৫) নামে আরো এক আসামিকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। এ নিয়ে মোট তিন আসামি গ্রেফতার হয়েছে।
আজ (বুধবার) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, গত ৪ মে সকালে ধলপুর বৌবাজার চৌরাস্তায় অসুস্থ অবস্থায় পড়ে থাকা অজ্ঞাত এক নারীকে স্থানীয়রা উদ্ধার করে মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরদিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। প্রথমে মুগদা থানায় অপমৃত্যু মামলা হলেও পরে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে, ভিকটিমকে একাধিক ব্যক্তি ধর্ষণ করেছে। এ তথ্য জানার পর ভিকটিমের ছোট ভাই রাসেল ২২ মে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় দুই আসামিকে গ্রেফতার করে, যারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
তাদের দেয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৬ মে) রাত ১২টার দিকে পল্টন থানাধীন ফকিরাপুল এলাকায় অভিযান চালিয়ে উজ্জ্বল মিয়া (৪৫) নামে আরো এক আসামিকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।



