সরোয়ার আলমগীরের সংসদে যোগ দিতে বাধা নেই : আপিল বিভাগ

এর আগে সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের কার্যকারিতা স্থগিত চেয়ে আবেদন করেন একই আসনের জামায়াতের প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন। আবেদনে সরোয়ারকে জাতীয় সংসদের অধিবেশনে অংশগ্রহণ থেকে বিরত রাখারও আবেদন জানানো হয়।

নয়া দিগন্ত অনলাইন

চট্টগ্রাম-২ আসনের বিএনপির সংসদ সদস্য সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে আপাতত কোনো বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। তবে এ বিষয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী নিয়মিত আপিল করতে পারবেন বলেও আদালত উল্লেখ করেছেন।

বুধবার (২৯ জুলাই) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন।

এর আগে সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের কার্যকারিতা স্থগিত চেয়ে আবেদন করেন একই আসনের জামায়াতের প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন। আবেদনে সরোয়ারকে জাতীয় সংসদের অধিবেশনে অংশগ্রহণ থেকে বিরত রাখারও আবেদন জানানো হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় গত ১২ ফেব্রুয়ারি। নির্বাচন কমিশন (ইসি) সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল করলে তিনি হাইকোর্টে রিট করেন। পরে হাইকোর্ট রুল জারি করে তাকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেন। তবে তার নির্বাচনের ফলাফল সর্বোচ্চ আদালতের নির্দেশে স্থগিত ছিল।

গত ৯ জুলাই রিটের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট ইসির মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন। ওই রায়ের পর নির্বাচন কমিশন চট্টগ্রাম-২ আসনে সরোয়ার আলমগীরকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করে। একই দিন সন্ধ্যায় তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নেন।

পরবর্তীতে হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত চেয়ে ১২ জুলাই আপিল বিভাগে আবেদন করেন জামায়াতের প্রার্থী নুরুল আমিন। চেম্বার আদালত হয়ে আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য আসে। ধারাবাহিক শুনানি শেষে বুধবার আদালত সরোয়ার আলমগীরের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনে কোনো বাধা নেই বলে আদেশ দেন এবং নিয়মিত আপিলের সুযোগ বহাল রাখেন।

আদালতে জামায়াতের প্রার্থীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তার সঙ্গে ছিলেন আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী। সরোয়ার আলমগীরের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও এ এম মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।