র‌্যাবের সাবেক মহাপরিচালক হারুন ও তার স্ত্রীর ১০ ব্যাংক হিসাব অবরুদ্ধ

র‌্যাবের সাবেক মহাপরিচালক মো: হারুন অর রশিদ ও তার স্ত্রীর নামে থাকা ১০টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনে এই আদেশ দেয়া হয়।

নয়া দিগন্ত অনলাইন
র‍্যাবের সাবেক মহাপরিচালক মো: হারুন অর রশিদ
র‍্যাবের সাবেক মহাপরিচালক মো: হারুন অর রশিদ |সংগৃহীত

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সাবেক মহাপরিচালক মো: হারুন অর রশিদ ও তার স্ত্রী ফাতেহা পারভীন লুনার নামে থাকা ১০টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এর মধ্যে হারুনের দু’টি এবং তার স্ত্রী লুনার আটটি অ্যাকাউন্ট রয়েছে।

আজ মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো: সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের সহকারি মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আবেদনে বলা হয়েছে, মো: হারুন অর রশিদের বিরুদ্ধে ১ হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে।

অনুসন্ধানকালে পাওয়া রেকর্ডপত্রে দেখা যায়, হারুন অর রশিদ ও তার স্ত্রী ফাতেহা পারভীন লুনার নামে বিপুল পরিমাণ অস্থাবর সম্পদের খোঁজ পাওয়া গেছে। তবে এই সম্পদের বিপরীতে তাদের কোনো সন্তোষজনক আয়ের উৎস পাওয়া যায়নি।

গোপন সূত্রে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্টরা ওই অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। যদি সম্পদ এমনভাবে হস্তান্তর হয়, তবে রাষ্ট্রের জন্য বড় ক্ষতির কারণ হতে পারে।

আবেদনে বলা হয়, তাই মো: হারুন অর রশিদ ও তার স্ত্রীর নামে থাকা অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা প্রয়োজন।

সূত্র : বাসস