আলোচিত এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পি কে) হালদারের ঘনিষ্ঠ চার সহযোগীর দেশত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।
নিষেধাজ্ঞা দেয়া আসামিরা হলেন ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান মাহবুবুল হক, ব্যবস্থাপনা পরিচালক এমদাদুল ইসলাম, কোম্পানি সচিব রেজাউল ইসলাম ও হেড অব রিকোভারী আবু মো: আল মামুন।
আজ সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো: সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো: রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আবেদনে বলা হয়েছে, প্রশান্ত কুমার হালদার এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধানে একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা যায়, আসামিরা প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) ঘনিষ্ঠ সহযোগী ও তার স্বার্থ সংশ্লিষ্ট; তারা দেশত্যাগ করতে পারেন, এমন আশঙ্কা করা হচ্ছে। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা প্রয়োজন।
সূত্র : বাসস



