ঋণ খেলাপি হওয়ায় চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে তার সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার আর কোনো সুযোগ রইল না।
আজ মঙ্গলবার (৩০ জুন) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এই রায় দেন।
আদালতে আসলাম চৌধুরীর পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও মিফতাহ উদ্দিন চৌধুরী।
মামলার বিবরণ থেকে জানা যায়, ঋণ খেলাপের অভিযোগ থাকা সত্ত্বেও গত ১৮ জানুয়ারি নির্বাচন কমিশন শুনানির শেষ দিনে আসলাম চৌধুরীর মনোনয়ন বৈধ ঘোষণা করে। এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে সংশ্লিষ্ট ব্যাংক হাইকোর্টে রিট করলে তা খারিজ হয়। এরপর আপিল বিভাগে আবেদন করে ব্যাংক কর্তৃপক্ষ। একইসাথে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো: আনোয়ার সিদ্দিকী।
গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ লিভ টু আপিল মঞ্জুর করে আসলাম চৌধুরীকে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দিলেও, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফল প্রকাশে স্থগিতাদেশ দেন। ফলে গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনে তিনি বেসরকারিভাবে জয়ী হলেও নির্বাচন কমিশন চূড়ান্ত গেজেট প্রকাশ করতে পারেনি। গত ১৫ জুন উভয়পক্ষের শুনানি শেষে আদালত আজ ৩০ জুন রায়ের দিন ধার্য করেছিলেন।



