সাগর-রুনি হত্যার বিচার চেয়ে চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগ দাখিল

অভিযোগটি কমপ্লেইন্ট রেজিস্টারভুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী যথাযথ তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়ার আবেদন করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
সাগর-রুনি দম্পতি
সাগর-রুনি দম্পতি |ফাইল ছবি

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচার চেয়ে এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে লিখিত অভিযোগ জমা দেয়া হয়েছে।

সাংবাদিক রুনির ভাই নওশের আলম রোমান চিফ প্রসিকিউটর মো: আমিনুল ইসলামের কাছে রোববার (১৩ সেপ্টেম্বর) এই অভিযোগ দাখিল করেন।

অভিযোগটি কমপ্লেইন্ট রেজিস্টারভুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী যথাযথ তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়ার আবেদন করা হয়েছে।

এতে বলা হয়, সাগর-রুনির পরিবারের সদস্যরা চান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সুষ্ঠু ও সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত হত্যাকারী ও দায়ী ব্যক্তিদের খুঁজে বের করে বিচারের আওতায় আনুক এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

এ বিষয়ে চিফ প্রসিকিউটর সাংবাদিকদের বলেন, ‘সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিষয়ে একটি আনুষ্ঠানিক অভিযোগ জমা পড়েছে। এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধিক্ষেত্রে পড়ে কিনা সেটা আমার যাচাই-বাছাই করে দেখব। আর এখানকার কোনো তদন্তে যদি সাগর-রুনির কোনো বিষয়ে তথ্য-প্রমাণ বা কোনো কানেকশন পাওয়া যায় তাহলে সংশ্লিষ্ট তদন্ত সংস্থাকে সরবরাহ করব।’

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া করা বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর ও রুনি। সাগর সে সময় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙা টিভিতে এবং রুনি এটিএন বাংলায় কর্মরত ছিলেন। এই হত্যাকাণ্ডের ঘটনায় রুনির ভাই নওশের আলম রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেন।

প্রথমে এই মামলা তদন্ত করে শেরেবাংলা নগর থানার পুলিশ। চার দিন পর মামলার তদন্তভার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। তদন্তের দায়িত্ব পাওয়ার ৬২ দিনের মাথায় ২০১২ সালের ১৮ এপ্রিল হাইকোর্টে ব্যর্থতা স্বীকার করে ডিবি।

পরে আদালত র‌্যাবকে মামলাটি তদন্তের নির্দেশ দেন। ১২ বছর ৬ মাস ১৫ দিন পর র‌্যাবের কাছ থেকে তদন্তের দায়িত্ব দেয়া হয় উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সকে।

আলোচিত এই হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য তদন্তকারী কর্মকর্তা এখন পর্যন্ত ১২৯ বার নিম্ন আদালতে সময় নিয়েছেন।

সূত্র : বাসস