সাবেক অ্যাটর্নি জেনারেল ও সিনিয়র অ্যাডভোকেট মো: সালাউদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (২১ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর স্কয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানান, সাবেক অ্যাটর্নি জেনারেল মো: সালাউদ্দিন আহমেদের বয়স হয়েছিল প্রায় ৭৭ বছর। মরহুমের জানাজা আজ বাদ জোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
২০০৮ সালের ২০ জুলাই তত্ত্বাবধায়ক সরকারের সময়ে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান সালাউদ্দীন আহমদ। এর আগে ২০০৭ সালের ১৩ ফেরুয়ারি থেকে তিনি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে ছিলেন। পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সালের ১২ জানুয়ারি তিনি পদত্যাগ করেন।
তিনি ১৯৬৯ সালে লন্ডন স্কুল অব ইকোনমিকস থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি নেন। এরপর ১৯৭০ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং ১৯৮৪ সালে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ল স্কুল থেকে এলএলএম ডিগ্রি অর্জন করেন।
সালাউদ্দীন আহমদ ২০০২ সালে আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। এর আগে ১৯৮২ সালের ১৮ জুন হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন তিনি।
১৯৭০-এর দশকে সালাহউদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি পড়াতেন এবং ড. কামাল হোসেনের সহযোগী হিসেবে আইন পেশায় যুক্ত ছিলেন।



