উত্তরায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় প্রধান আসামি লামিন কারাগারে

শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

নয়া দিগন্ত অনলাইন
অপহরণের ঘটনায় করা মামলায় প্রধান আসামি লামিন কারাগারে
অপহরণের ঘটনায় করা মামলায় প্রধান আসামি লামিন কারাগারে |সংগৃহীত

রাজধানীর উত্তরা গার্লস স্কুলের দশম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের ঘটনায় করা মামলায় প্রধান আসামি লামিন ইসলামকে (১৯) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

এক দিনের রিমান্ড শেষে মঙ্গলবার (৫ মে) ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অপর দিকে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১ মে গাজীপুরের পূবাইল থানা পুলিশের সহায়তায় পূবাইল পদহারা বাইদ কফু মার্কেট এলাকা থেকে আসামি লামিন ইসলামকে গ্রেফতার করা হয়। গতকাল ৪ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২২ এপ্রিল মামলার বাদী কামরুজ্জামান তার মেয়েকে উত্তরা গার্লস স্কুলে পরীক্ষার জন্য নিয়ে যান। পরীক্ষা শেষে মেয়েকে নিয়ে বাসায় ফেরার পথে ওইদিন বিকেল সাড়ে ৪টার দিকে উত্তরা পূর্ব থানাধীন সেক্টর-৬, রোড-৫ এর মোড়ে পৌঁছালে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আসামিরা তাদের পথরোধ করে। এরপর প্রধান আসামি লামিন ইসলাম (১৯) ও অজ্ঞাত পরিচয় সাত থেকে আটজন আসামি জোরপূর্বক ভয়ভীতি দেখিয়ে দু’টি মোটরসাইকেল ও প্রাইভেটকার যোগে ভিকটিমকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ ঘটনায় পরদিন ভিকটিমের বাবা কামরুজ্জামান উত্তরা পূর্ব থানায় একটি মামলা দায়ের করেন। বাসস