আ’লীগের জয় বাংলা ব্রিগেডের সদস্য মেশকাত কারাগারে

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

নয়া দিগন্ত অনলাইন
মেশকাত হোসেন বাক্কা
মেশকাত হোসেন বাক্কা |বাসস

সন্ত্রাসবিরোধী আইনে রাজধানীর রমনা থানার দায়ের করা মামলায় আওয়ামী লীগের জয় বাংলা ব্রিগেডের সক্রিয় সদস্য মো: মেশকাত হোসেন বাক্কাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২ জুন) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, রোববার রাতে রাজধানীর শেরেবাংলা নগর থানার নোবেল কেয়ার হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেফতার করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।

সিটিটিসি সূত্রে জানা যায়, গ্রেফতার হওয়া মেশকাত আওয়ামী লীগের জয় বাংলা ব্রিগেডের সদস্য ও নওগাঁ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক।

সিটিটিসি সূত্রে আরো জানা যায়, গত ৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় হোটেল ইন্টারকন্টিনেন্টাল-সংলগ্ন রমনা পার্কের ভেতরে রাষ্ট্রের অখণ্ডতা, সংহতি ও সার্বভৌমত্ব বিপন্ন করার মাধ্যমে জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি ও রাষ্ট্রীয় কাজে বাধাদানের জন্য ষড়যন্ত্রমূলক মিটিং করার ঘটনায় রমনা থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। গ্রেফতার হওয়া মেশকাত এই মামলার এজাহারভুক্ত আসামি। বাসস