৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন আবেদন

সোমবার বিচারপতি এ এস এম আব্দুল মোবিনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে মামলাগুলোর শুনানি কার্যতালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক |সংগৃহীত

জুলাই আন্দোলনে ঢাকার যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলাসহ মোট পাঁচটি মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক।

আজ সোমবার বিচারপতি এ এস এম আব্দুল মোবিনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে মামলাগুলোর শুনানি কার্যতালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।

এর আগে গত ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। এছাড়া বেআইনি রায় প্রদান ও জাল রায় তৈরির অভিযোগে নারায়ণগঞ্জে দায়ের করা একটি মামলায়ও তাকে গ্রেফতার দেখানো হয়েছে। মামলাটি গত বছরের ২৫ আগস্ট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল বারী ভূঁইয়া দায়ের করেন। পরে আরো কয়েকটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

উল্লেখ্য, গত ১১ আগস্ট হাইকোর্টের অপর একটি বেঞ্চে একই হত্যা মামলায় খায়রুল হকের জামিন ও মামলা বাতিল আবেদনের শুনানিকালে আওয়ামীপন্থী এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মধ্যে হট্টগোল ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে, যা আদালত প্রাঙ্গণে উত্তেজনার সৃষ্টি করে।