লিগ্যাল এইডের এডিআর : সরকারি খরচে ২ লাখের বেশি মামলার নিষ্পত্তি

সরকারি লিগ্যাল এইডের এডিআর সেবার মাধ্যমে ২০০৯ থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত ২ লাখের বেশি মামলার নিষ্পত্তি হয়েছে এবং প্রায় ১৪ লাখ ৬১ হাজার অসচ্ছল মানুষ বিনামূল্যে আইনি সহায়তা পেয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) বিকল্প বিরোধ নিষ্পত্তি সেবা (এডিআর) কার্যক্রমের মাধ্যমে ২ লাখ ৫ হাজার ৩৮২টি মামলার নিষ্পত্তি হয়েছে।

২০০৯ থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত লিগ্যাল এইডের কার্যক্রম নিয়ে প্রস্তুত করা এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনটি সংস্থার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এ সময়ে বিকল্প বিরোধ নিষ্পত্তি সেবার (এডিআর) আওতায় প্রি ও পোস্ট-কেইস মিলিয়ে মোট ২ লাখ ৩২ হাজার ১৭৪টি মামলায় উদ্যোগ নেওয়া হয়। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে ২ লাখ ৫ হাজার ৩৮২টি মামলা।

এডিআরের মাধ্যমে নিষ্পত্তিকৃত মামলা ও বিরোধে উপকারভোগীর সংখ্যা ৪ লাখ ৫৬৭ জন।

প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে সরকারি খরচে ১৪ লাখ ৬১ হাজার ৬৩০ জনকে আইনি সেবা দেয়া হয়েছে। এ সেবার আওতায় ছিলেন সুপ্রিমকোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারপ্রার্থী, দেশের বিভিন্ন নিম্ন আদালত ও শ্রম আদালতের বিচারপ্রার্থী এবং কারাগারে থাকা অসচ্ছল বন্দিরা।

আর্থিকভাবে অসচ্ছল ও অসহায় বিচারপ্রার্থীদের আইনি সহায়তা দিতে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে সরকারি খরচে এ সেবা দেওয়া হচ্ছে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এ কার্যক্রম পরিচালনা করছে।

সূত্র : বাসস