রাজধানীর বনানী থানায় হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।
তার বিরুদ্ধে থাকা সবশেষ মামলায় আজ সোমবার জামিন পেলেন তিনি। এর ফলে মুক্তিতে আইনগত বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীদের একজন মোতাহের হোসেন সাজু।
এই মামলায় হাইকোর্টে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য জামিন দিয়েছে আদালত।
মোতাহের হোসেন সাজু বলেন, ‘নবম এ মামলাটিতে জামিন পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি। বাকিগুলোতে আগেই জামিন পেয়েছেন। আপিল বিভাগ এর মধ্যেই আদেশ দিয়েছে, তাকে সুনির্দিষ্ট অন্য কোনো মামলা ছাড়া যাতে গ্রেফতার না দেখানো হয়।’
উল্লেখ্য, গত বছরের ২৪ জুলাই সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। সেদিন সকালে ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।



