ইয়ামিনকে হত্যার মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল ১৪ সেপ্টেম্বর

এই মামলার ১৫ আসামির মধ্যে গ্রেফতার সাতজন আজ ট্রাইব্যুনালে হাজির ছিলেন।

নয়া দিগন্ত অনলাইন
জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি
জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি |বাসস

ঢাকার সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের এপিসি থেকে ফেলে শিক্ষার্থী শাইখ আশহাবুল ইয়ামিনসহ ২২ জনকে হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৪ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

আজ মঙ্গলবার প্রসিকিউশনের সময় আবেদনের পর বিচারপতি মো: গোলাম মূর্তজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ প্রতিবেদন দাখিলে আজ এই দিন ধার্য করেন।

আদালতে প্রসিকিউশনের পক্ষে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম শুনানি করেন। এ সময় চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামসহ অপর প্রসিকিউটররা উপস্থিত ছিলেন।

এদিকে, এই মামলার ১৫ আসামির মধ্যে গ্রেফতার সাতজন আজ ট্রাইব্যুনালে হাজির ছিলেন।

গত বছরের ১৮ জুলাই ঢাকার সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে যোগ দেন মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাইখ আসহাবুল ইয়ামিন। সেদিন দুপুরে পুলিশের গুলিতে তিনি শহীদ হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহীদ ইয়ামিনের নিথর দেহ পরে পুলিশের এপিসি’র ওপরে রাখা হয় এবং সেখান থেকে লাশটি ফেলে দেয়া হয়।

সূত্র : বাসস