মোহাম্মদপুরে হত্যাচেষ্টা : সাবেক এমপি ফারুককে গ্রেফতার দেখাল আদালত

মোহাম্মদপুরে জুলাই আন্দোলন চলাকালে সোহেল রানাকে হত্যাচেষ্টা মামলায় নওগাঁ-৬ আসনের সাবেক এমপি মো: ওমর ফারুক সুমনকে গ্রেফতার দেখিয়েছেন ঢাকার আদালত। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
সাবেক সংসদ সদস্য মো: ওমর ফারুক সুমন
সাবেক সংসদ সদস্য মো: ওমর ফারুক সুমন |সংগৃহীত

জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে সোহেল রানা নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টা মামলায় মো: ওমর ফারুক সুমনকে গ্রেফতার দেখিয়েছেন ঢাকার একটি আদালত। তিনি নওগাঁ-৬ আসনের সাবেক সংসদ সদস্য।

আজ বুধবার কারাগার থেকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো: জামসেদ আলম তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। গ্রেফতার দেখানো শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

মামলার অভিযোগ থেকে জানা যায়, জুলাই আন্দোলনকালে ২০২৪ সালের ৫ আগস্ট দুপুরে মোহাম্মদপুর তিন রাস্তার মোড়ে ‘ময়ূর ভিলা’র সামনে গুলিবিদ্ধ হয়ে হত্যাচেষ্টার শিকার হন মো: সোহেল রানা। দীর্ঘদিন শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন তিনি। সুস্থ হয়ে ২০২৫ সালের ১১ জুন মোহাম্মদপুর থানায় মামলাটি করেন।

উল্লেখ্য, ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর রাজধানীর একটি এলাকায় অভিযান চালিয়ে ওমর ফারুককে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর থেকে কারাগারে রয়েছেন তিনি।

সূত্র : বাসস